বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ম্যাচটি আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে গতকাল ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে গিয়ে তারা মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন প্রতিনিধিরা।
দিনের কর্মসূচির শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার আগ্রহের বিষয়টি তারা তুলে ধরেন।
ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী, ম্যাচটি ৫ অথবা ৬ অক্টোবর আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিল প্রায় ৯০ সদস্যের একটি বিশাল বহর নিয়ে ঢাকায় আসতে চায় বলে জানা গেছে।
তবে ম্যাচ আয়োজন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ একই সময়ে বাংলাদেশ জাতীয় দলের রয়েছে আন্তর্জাতিক ব্যস্ততা। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপের ফাইনাল হওয়ার কথা ৩ অক্টোবর। এর আগে ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার সূচি রয়েছে।
জাতীয় দলের সূচি ও খেলোয়াড়দের ব্যস্ততা বিবেচনায় নিয়ে ব্রাজিলের প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে।
বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য ম্যাচের আগে ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচ আয়োজনের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ভারতের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়।
ব্রাজিলের প্রতিনিধি দলের এবারের ঢাকা সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে প্রস্তুতির পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য ম্যাচের ভেন্যু ও আনুষঙ্গিক সুবিধা পর্যবেক্ষণ করা।
বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের জাতীয় দল এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো ম্যাচ খেলেনি। তবে এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন বিশ্বতারকা লিওনেল মেসি।
এবার ব্রাজিলের প্রস্তাব বাস্তবায়িত হলে সেটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি বিশেষ ঘটনা হয়ে উঠবে। এখন বাফুফের সিদ্ধান্ত ও জাতীয় দলের সূচির ওপর নির্ভর করছে ঢাকায় ব্রাজিল-বাংলাদেশের সম্ভাব্য এই বহুল প্রত্যাশিত লড়াই।