শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই বিপাকে নিম্ন আয়ের মানুষ উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক বাউফলে ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ৬ ঘন ঘন লোডশেডিংয়ে জনদুর্ভোগ বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নবাবগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দাউদপুর ডিগ্রি কলেজে নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও ছাত্র ছাত্রী ও অভিভাবকের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গত ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী

মেসিবিহীন নতুন অধ্যায়ের শুরু, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

লিওনেল মেসির পরবর্তী যুগের আভাস এরই মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে আর্জেন্টিনা দলে। নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে মাঠে নেমে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে সেই পরিবর্তনের যাত্রা দারুণভাবে শুরু করেছে লিওনেল স্কালোনির দল।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভোরে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হয় তারা। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য ধরে রেখে বড় জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ। ম্যাচজুড়ে বল দখলেও পরিষ্কার আধিপত্য ছিল স্বাগতিকদের। ৬৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে মোট ১৬টি শট নেয় তারা, যার ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বলিভিয়া তিনটি শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১৯ মিনিটে সেই চাপের ফল আসে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল প্রথমবারে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলেও দ্বিতীয় চেষ্টায় বল দখলে নিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজাকুয়েল প্যালাসিওসের দুর্দান্ত রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। জাতীয় দলের জার্সিতে এটি পাজের দ্বিতীয় গোল।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে কঠিন কোণ থেকে হুলিয়ান আলভারেজের নেওয়া শট আটকে দেন বলিভিয়ার গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। ৫৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। নিকো পাজের নেওয়া ফ্রি-কিক থেকে আসা বলে দুর্দান্ত হেডে বলিভিয়ার জালে বল পাঠান তিনি। অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বের শুরুতেই গোল করে ম্যাচটিকে নিজের জন্যও স্মরণীয় করে রাখেন রোমেরো।

এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। ৭৬ মিনিটে আলভারেজের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর লিওনার্দো বালের্দিও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু বল স্পর্শ করতে না পারায় ব্যবধান বাড়াতে পারেননি। বদলি হিসেবে মাঠে নামা ফ্রাঙ্কো লোপেজের শটও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

৮৫ মিনিটে লোপেজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে এক মিনিট পর আর ভুল করেননি তিনি। ডি-বক্সে ঢুকে জোরালো শটে বলিভিয়ার জালে বল পাঠিয়ে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন হোসে ম্যানুয়েল লোপেজ।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মেসির সম্ভাব্য বিদায়পর্বের আবহের মধ্যেই নতুন অধিনায়ক রোমেরোর নেতৃত্বে জাতীয় দলের পরবর্তী অধ্যায়ের শুরুটা হলো বড় জয় দিয়ে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102