নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনায় নিখোঁজের তালিকা আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিখোঁজ ৪০৩ পর্যটকের মধ্যে ৩৪১ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ভারতের নাগরিকসহ বিভিন্ন দেশের পর্যটক রয়েছেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর রসুয়া ও আশপাশের এলাকায় শত শত পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪২ জন ভারতীয়, ৪৭ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলীয়, ৩৩ জন ব্রিটিশ এবং ২৪ জন কানাডীয় নাগরিক রয়েছেন।এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ৯ নাগরিকেরও সন্ধান মিলছে না বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
নেপালের পর্যটন বোর্ডের তালিকায় দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের নিখোঁজ থাকার তথ্যও রয়েছে। অনেক নিখোঁজ পর্যটক কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রা ও তিব্বতগামী বিভিন্ন ভ্রমণপথে ছিলেন বলে জানা গেছে।
ফলে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। নেপাল ও তিব্বত সীমান্তে এই দুর্যোগের পর নিখোঁজ পর্যটকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নদীর তীর এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও তিব্বত মিলিয়ে প্রাণহানির সংখ্যা ১৬০ ছাড়িয়েছে বলে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে। ধ্বংসস্তূপ ও কাদার নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূল আবহাওয়া ও ক্ষতিগ্রস্ত সড়ক-সেতুর কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে