রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মস্কোর বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে কাজ করছিলেন তিনি।
টেস্টিংয়ের সময় গ্যাস পাইপলাইনে ত্রুটি দেখা দিলে সেটি ফেটে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পাইপলাইনের চেক ভালভে আগুন ছড়িয়ে পড়ার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
ঘটনায় রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানের নাগরিকসহ প্রায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া কয়েকজনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
দূর্ঘটনার পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। নিহত বাংলাদেশি জাকির হোসেনের মরদেহ দেশে ফেরত আনা এবং নিখোঁজ বাংলাদেশির বিষয়ে তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
রাশিয়ার মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরের আমুর অঞ্চলে এই শিল্প কমপ্লেক্সটির অবস্থান।