যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় আকস্মিক বন্যা বা হড়পা বান হয়েছে। এতে অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে তারা নিখোঁজ হন।
যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান, প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষণের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) গ্র্যান্ড ক্যানিয়নের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
এনপিএসের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শনিবার থেকেই কলোরাডো নদীর পানির উচ্চতা বাড়তে থাকে। সন্ধ্যার দিকে নদীর পানি দুই কূল ছাপিয়ে প্রবল বেগে জাতীয় উদ্যানের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে।
হড়পা বানের তীব্র স্রোতে কলোরাডো নদী ও নদী-সংলগ্ন খালগুলোর ওপর থাকা কয়েকটি সেতু ভেসে গেছে। এতে এলাকার ভূপ্রকৃতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
কর্মকর্তারা জানান, বন্যা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, আরও অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এক বিবৃতিতে এনপিএস সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়ক হতে পারে—এমন কোনো তথ্য কারও কাছে থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে।
নিখোঁজদের উদ্ধারে অ্যারিজোনা অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এনপিএস। উদ্ধার হওয়া ৬২ জনের মধ্যে কেউ আহত হননি বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রায় কোটি কোটি বছর ধরে কলোরাডো নদীর প্রবাহ ও ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা গ্র্যান্ড ক্যানিয়ন বিশ্বের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক নিদর্শন। গিরিখাতটির দৈর্ঘ্য প্রায় ৪৪৬ কিলোমিটার, প্রস্থ প্রায় ২৯ কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার।
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, রঙিন শিলাস্তর ও ভূতাত্ত্বিক বৈচিত্র্যের কারণে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক গ্র্যান্ড ক্যানিয়নে ভিড় করেন। আকস্মিক এই বন্যায় পর্যটন এলাকাটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।