সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম নিজের অধিকার তখনই প্রতিষ্ঠা হবে, যখন অন্যের অধিকারকে সম্মান জানাব: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী সংঘাত পরিহার করে সম্প্রীতির রাজনীতি গড়ার আহ্বান রাষ্ট্রপতির রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী শুধু সংযোগ নয়, টেলিযোগাযোগে এখন সেবার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে: মন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, মোটরসাইকেলেই প্রাণ গেছে ১৭৬ জনের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৫৮

বিজ্ঞাপন ব্যবসায় গুগলকে নিয়ম বদলের নির্দেশ মার্কিন আদালতের

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসায় প্রতিযোগিতা বাড়াতে গুগলকে তাদের ব্যবসায়িক নিয়ম ও কার্যক্রমে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তবে প্রতিষ্ঠানটির বিশাল বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা বিক্রি করে দেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি।

বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক লিওনি এম. ব্রিংকেমা এ আদেশ দেন। বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগে মার্কিন বিচার বিভাগের করা মামলার রায়ে এ নির্দেশনা আসে।

বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী, গুগলকে এমনভাবে তাদের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা পরিচালনা করতে হবে, যাতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো বাজারে আরও কার্যকরভাবে সুযোগ পায়। আদালতের পূর্ণাঙ্গ লিখিত রায় এখনো প্রকাশ করা হয়নি।

কয়েক বছর ধরে আইনি লড়াই

অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগলের আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছে। এ ক্ষেত্রে দুটি মামলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

২০২০ সালে দায়ের করা মামলাটি ছিল গুগলের অনলাইন সার্চ ব্যবসা নিয়ে। অন্যদিকে ২০২৩ সালে দায়ের করা মামলায় সরাসরি গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার বিরুদ্ধে একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়।

মার্কিন সরকারের অভিযোগ, বিভিন্ন কৌশল ও চুক্তির মাধ্যমে গুগল অনলাইন বিজ্ঞাপনের বাজারে বেআইনিভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

সার্চ ব্যবসা নিয়েও আদালতের রায়

২০২৪ সালে পৃথক একটি মামলার রায়ে আদালত গুগলের সার্চ ব্যবসাকে বেআইনি একচেটিয়া ব্যবসা হিসেবে উল্লেখ করেন। ওই রায়ে সার্চভিত্তিক বিজ্ঞাপন ব্যবসার বিষয়টিও উঠে আসে।

আদালতের পর্যবেক্ষণ ছিল, গুগল তার বাজারক্ষমতা ব্যবহার করে অনলাইন সার্চ এবং সার্চ বিজ্ঞাপনের ক্ষেত্রে নিজেদের প্রভাব ধরে রেখেছে।

এরপর গুগলের ব্যবসায় কাঠামোগত পরিবর্তন আনার জন্য বেশ কিছু প্রস্তাব দেয় মার্কিন বিচার বিভাগ। এর মধ্যে গুগলের ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আলাদা করে দেওয়ার প্রস্তাবও ছিল।

তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিচারক অমিত মেহতা এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে ক্রোম ও অ্যান্ড্রয়েড নিজেদের নিয়ন্ত্রণে রাখার সুযোগ পায় গুগল।

তবে একই সঙ্গে গুগলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। বিশেষ করে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে এমন একচেটিয়া চুক্তি করা যাবে না, যার মাধ্যমে বিভিন্ন ডিভাইসে গুগল সার্চকে পূর্বনির্ধারিত সার্চ সেবা হিসেবে রাখা হয়। প্রতিযোগীদের সঙ্গে নির্দিষ্ট কিছু সার্চসংক্রান্ত তথ্য ভাগ করার নির্দেশও দেওয়া হয়।

বিজ্ঞাপন ব্যবসাতেও বিধিনিষেধ

এবার বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার ক্ষেত্রেও গুগলকে একই ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির নির্দেশ দেওয়া হলো।

বিচারক ব্রিংকেমা স্পষ্ট করেছেন, গুগলকে তাদের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা বিক্রি করতে হবে না। তবে প্রতিযোগীদের বাজারে সুযোগ বাড়ানোর জন্য ব্যবসার পরিচালনপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।

আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা প্রকাশে আরও সময় লাগবে। রায়টি আগামী ১৪ দিন গোপন রাখা হবে। এ সময় মামলার সংশ্লিষ্ট পক্ষগুলো গোপনীয় তথ্য বাদ দেওয়ার কাজ করবে। এরপর বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102