মুক্তির আগেই বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA 6) নিয়ে বড় ধরনের চাপে পড়েছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। গেমটির একের পর এক গেমপ্লে ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ায় নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। ফাঁস হওয়া ভিডিও বন্ধ এবং এর পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে এবার মাইক্রোসফট ও ডিসকর্ডের সহায়তা নিচ্ছে রকস্টার গেমস ও গেমটির প্রকাশক টেক-টু ইন্টারঅ্যাকটিভ।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাইবারলিক’ নামের একটি গ্রুপ ধারাবাহিকভাবে গেমটির বিভিন্ন ফুটেজ প্রকাশ করছে। সম্প্রতি তারা প্রকাশ করেছে সপ্তম ভিডিও। এর আগেও অনলাইনে জিটিএ ৬-এর গেমপ্লের বেশ কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছিল।
গত শনিবার প্রকাশিত নতুন ভিডিওতে গেমটির প্রধান চরিত্র জেসনকে দুটি গ্যাস স্টেশনে ডাকাতি করতে দেখা যায়। এরপর তার পিছু নেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের ধাওয়া থেকে পালানোর সময় জেসনের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার মুহূর্তে ভিডিওর দৃশ্য ধীরগতিতে দেখানো হয়। এরপর ফুটেজের শেষ দিকে জেসনকে একটি স্ট্রিপ ক্লাবের দরজা দিয়ে প্রবেশ করতে দেখা যায়। তবে ক্লাবের ভেতরের দৃশ্য ভিডিওটিতে প্রকাশ করা হয়নি।
ফাঁস হওয়া ভিডিওতে একটি বিশেষ জলছাপও দেখা গেছে। সেখানে দাবি করা হয়েছে, তাদের ‘মিম কয়েন’-এর বাজারমূল্য ৩০ লাখ ডলারে পৌঁছালে স্ট্রিপ ক্লাবের ভেতরের দৃশ্য প্রকাশ করা হবে। অর্থাৎ গেমের ফাঁস হওয়া ফুটেজকে নিজেদের ক্রিপ্টোকারেন্সির প্রচারণায় ব্যবহার করছে সাইবারলিক—এমনটাই উঠে এসেছে ফোর্বসের প্রতিবেদনে।
গেমটির ফুটেজ ফাঁসের ঘটনা প্রথম প্রকাশ্যে আসার পর থেকে রকস্টার গেমস এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে প্রকাশক টেক-টু ইন্টারঅ্যাকটিভ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।
গত শুক্রবার নিউইয়র্কের একটি আদালতে ফাঁসের ঘটনায় আইনি পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। শনিবার নতুন ভিডিও প্রকাশের পর ফাঁসকারীদের শনাক্ত করার চেষ্টা আরও জোরদার হয়েছে।
মাইক্রোসফট ও ডিসকর্ডের দ্বারস্থ হওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে, ফাঁসের উৎস খুঁজে বের করতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কাছ থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করছে গেমটির নির্মাতা ও প্রকাশকরা।
‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এর সর্বশেষ ট্রেলার প্রকাশের পর ইতোমধ্যে ১৮ মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার কারণে গেমটি নিয়ে ভক্তদের আগ্রহও তুঙ্গে।
এরই মধ্যে কয়েক সপ্তাহ আগে রকস্টার জানিয়েছিল, দীর্ঘ নীরবতার পর গেমটির একটি বিশেষ ‘এক্সটেন্ডেড লুক’ নেটফ্লিক্সের একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে। এমন গুরুত্বপূর্ণ প্রচারণার ঠিক আগে একের পর এক গেমপ্লে ফাঁস হওয়ায় স্বাভাবিকভাবেই চাপে পড়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার এই গেমের নতুন তথ্য প্রকাশের আগেই অননুমোদিত ফুটেজ ছড়িয়ে পড়া শুধু গেমটির প্রচারণাকেই ব্যাহত করছে না, একই সঙ্গে ফাঁসকারীদের বিরুদ্ধে রকস্টার ও টেক-টুর আইনি লড়াইকেও আরও জোরালো করে তুলছে।