বিপদ-আপদ, দুঃখ-কষ্ট ও নানা দুর্যোগ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কখনো ব্যক্তিগত, কখনো পারিবারিক কিংবা সামাজিক নানা সংকটের মুখোমুখি হতে হয় মানুষকে। একজন মুমিনের জন্য এসব পরিস্থিতি শুধু কষ্টের বিষয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষারও কারণ হতে পারে। তাই বিপদের সময় হতাশ না হয়ে ধৈর্য ধারণ, আল্লাহর ওপর ভরসা এবং তাঁর সাহায্য প্রার্থনা করা ঈমানদারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসে বিপদ-পরীক্ষার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে। সাহাবিরা জানতে চেয়েছিলেন, মানুষের মধ্যে কারা সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন। জবাবে তিনি বলেন, নবীরা, এরপর যারা তাঁদের নিকটবর্তী, এরপর যারা তাঁদের নিকটবর্তী। মানুষের দ্বীনের দৃঢ়তা অনুযায়ী তার পরীক্ষা হয়ে থাকে। দ্বীনে যত দৃঢ়তা থাকে, পরীক্ষাও তত কঠিন হতে পারে। আর বান্দা পরীক্ষার মধ্য দিয়ে যেতে যেতে এমন পর্যায়ে পৌঁছায় যে তার গুনাহ অবশিষ্ট থাকে না। (তিরমিজি)
তাই জীবনের কঠিন সময়কে একজন মুমিনের জন্য আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ হিসেবেও দেখা উচিত।
দুঃসময় মানুষকে কখনো কখনো হতাশ করে তোলে। পরিস্থিতি এমন মনে হতে পারে যে সামনে আর কোনো পথ খোলা নেই। কিন্তু একজন মুমিনের বিশ্বাস হলো—বিপদ দেওয়ার এবং তা থেকে উদ্ধার করার প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে।
পবিত্র কোরআনে সমুদ্রে বিপদে পড়া মানুষের উদাহরণ দিয়ে আল্লাহ তায়ালা জানিয়েছেন, যখন বিশাল ঢেউ তাদের ওপর পাহাড়ের মতো আছড়ে পড়ে এবং তারা নিজেদের অসহায় মনে করে, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকতে থাকে। আল্লাহ তাদের বিপদ থেকে নিরাপদে স্থলে পৌঁছে দেন। (সূরা লুকমান, আয়াত ৩১-৩২)
এ আয়াত মুমিনকে মনে করিয়ে দেয়, বিপদের মুহূর্তে মানুষের সব পার্থিব অবলম্বন দুর্বল হয়ে গেলেও আল্লাহর ওপর ভরসা হারানো যাবে না।
বিপদের সময় আল্লাহর ওপর তাওয়াক্কুলের পাশাপাশি তাঁর কাছে সাহায্য চাওয়া জরুরি। দোয়া শুধু বিপদ থেকে মুক্তির মাধ্যম নয়, বরং মুমিনের অন্তরে আশা ও প্রশান্তিও জাগায়।
তাই সংকটের সময়ে নিজের জন্য, পরিবার-পরিজনের জন্য এবং অন্য বিপদগ্রস্ত মানুষের জন্যও আল্লাহর কাছে দোয়া করা উচিত। বিশেষ করে যেসব সময়ে দোয়া কবুল হওয়ার বিশেষ আশা করা হয়, সেসব সময়ে দোয়ার প্রতি আরও যত্নবান হওয়া যায়।
আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, রাতের শেষ তৃতীয়াংশ এবং শুক্রবারের বিশেষ সময়ে দোয়া করার বিষয়ে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে।
বিপদের সময় মন অস্থির ও ভারাক্রান্ত হয়ে পড়া স্বাভাবিক। এ অবস্থায় আল্লাহর জিকির অন্তরে প্রশান্তি আনতে পারে। কোরআনে মুমিনদের বেশি বেশি আল্লাহকে স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, যাতে তোমরা সফলতা অর্জন কর।’ (সূরা আনফাল, আয়াত ৪৫)
অন্য আয়াতে বলা হয়েছে, ‘জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়।’ (সূরা রাদ, আয়াত ২৮)
তাই দুঃসময়কে শুধু হতাশার সময় হিসেবে না দেখে ইবাদত, দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর আরও কাছে যাওয়ার সুযোগ হিসেবে নেওয়া উচিত।
বিপদের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ধৈর্য। পরিস্থিতি যত কঠিনই হোক, মুমিনের উচিত আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রাখা এবং বৈধ উপায়ে সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা করা।
বিপদ মানেই আল্লাহর অসন্তুষ্টি—এমন ধারণা সঠিক নয়। কখনো বিপদ পরীক্ষা, কখনো সতর্কতা, আবার কখনো বান্দার জন্য গুনাহ মোচন ও মর্যাদা বৃদ্ধির কারণও হতে পারে। তাই সংকটে ভেঙে না পড়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করাই মুমিনের পথ।