আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে।
ইসলামি ইতিহাস অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল পবিত্র মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। একই তারিখে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
মহানবী (সা.)-এর আগমনের আগে আরব সমাজ ছিল নানা ধরনের সামাজিক অবক্ষয়, হানাহানি ও অন্যায়ে জর্জরিত। সেই সময়কে ইতিহাসে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ হিসেবে উল্লেখ করা হয়। মানবজাতিকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করতে মহান আল্লাহ তাআলা তাঁকে পৃথিবীতে প্রেরণ করেন।
শৈশব থেকেই মহানবী (সা.) ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ ও গভীর চিন্তাশীল। তিনি প্রায়ই হেরা পর্বতের গুহায় ইবাদত ও ধ্যানে সময় কাটাতেন। ২৫ বছর বয়সে হজরত খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পরে ৪০ বছর বয়সে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, ন্যায়বিচার, সহনশীলতা, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। তাঁর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে সম্প্রীতি, নৈতিকতা এবং কল্যাণ প্রতিষ্ঠার পথ দেখায়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁরা মহানবী (সা.)-এর শান্তি, ভালোবাসা, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহার করে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
পবিত্র এই দিন উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন নিয়েছে নানা কর্মসূচি। আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও সিরাতবিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন স্থানে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী কর্মসূচি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠন সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে।
অন্যদিকে, আজ বাদ আসর রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে ‘মেহফিলে ইশক রাসুল (সা.)’ ও নাত-সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে সন্ধ্যা সাড়ে ৭টায় ‘মাওলিদ এ মুহাম্মদ’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। সেখানে নাত পরিবেশনসহ বিভিন্ন আয়োজন থাকবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর এই দিনে মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।