নিজস্ব প্রতিবেদক:
ডার্ক ওয়েবে প্রায় ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দেওয়ার দাবি করেছে ‘মাদারাক্স’ নামে একটি হ্যাকার গ্রুপ। তাদের দাবি, বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর এই তথ্য দেশের অনলাইন চাকরির প্ল্যাটফর্ম বিডিজবস থেকে সংগ্রহ করা হয়েছে। তবে অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছে বিডিজবস কর্তৃপক্ষ।
ডার্ক ওয়েবের একটি ফোরামে গত রোববার ওই বিজ্ঞাপন প্রকাশ করা হয় বলে জানা গেছে। সেখানে কথিত ডেটাসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার মার্কিন ডলার। সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে তথ্যগুলো বিক্রি করার কথা জানিয়েছে হ্যাকার গ্রুপটি।
হ্যাকারদের পোস্টের দাবি অনুযায়ী, ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম-অভিজ্ঞতাসহ বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে। অর্থ পরিশোধের জন্য পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্সের মতো মাধ্যম ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
তবে এসব দাবি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিডিজবস। প্রতিষ্ঠানটি এক আনুষ্ঠানিক বক্তব্যে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বলেও দাবি করেছে তারা।
বিডিজবসের বক্তব্য অনুযায়ী, প্ল্যাটফর্মে নিবন্ধিত চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের প্রোফাইল দেখতে পারে। তবে কোনো নিয়োগদাতা এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি, সরবরাহ বা ফাঁস করার চেষ্টা করলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল কারা দেখতে পারবেন, সে বিষয়ে নিয়ন্ত্রণ রাখেন।
এদিকে, অনলাইনে ছড়িয়ে পড়া দাবির সত্যতা যাচাই না করে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য কোথাও প্রকাশ কিংবা শেয়ার না করার জন্য ব্যবহারকারীদের সতর্ক করেছে বিডিজবস।
সাইবার নিরাপত্তা নিয়ে এমন দাবি সামনে আসায় চাকরিপ্রার্থীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং অনলাইনে তথ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে ‘মাদারাক্স’ যে তথ্য বিক্রির দাবি করেছে, তা সত্যিই বিডিজবসের সিস্টেম থেকে সংগ্রহ করা হয়েছে কি না—এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো প্রকাশ্যে পাওয়া যায়নি।