নিজস্ব প্রতিবেদক:
বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে শিক্ষা কূটনীতির কার্যক্রম জোরদার এবং প্রবাসী নারী শ্রমিকদের জরুরি সহায়তায় বিশেষ হটলাইন চালুর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির প্রস্তাব বাস্তবায়নে ইতিবাচক সম্মতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি জহরুল আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্যদের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অংশ নেন। সভাপতির আমন্ত্রণে বৈঠকে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও।
বৈঠকে বিদেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। তাদের জন্য দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি করতে বিশেষ হটলাইন চালুর প্রস্তাব দেওয়া হয়।
একই সঙ্গে বিদেশি মিশনগুলোতে শিক্ষা কূটনীতিকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে দূতাবাস ও মিশনগুলোকে আরও সক্রিয় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গেও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কমিটিকে জানান, সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে তিনি ভারত সফরে যাবেন।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের অবৈধ অভিবাসন ঠেকাতে করণীয় নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা বা রূপরেখা তৈরির কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়। কমিটির সদস্যরা এসব সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা ও সহযোগিতা বৃদ্ধির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো এবং গত ছয় মাসের কর্মকাণ্ড ও অর্জন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনাও কমিটির সামনে উপস্থাপন করা হয়েছে।
মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও ফলপ্রসূ করতে কমিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ দেন। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রাধিকার নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে কমিটির সদস্য আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এসকে আজিজুল বারী, সাইদ আল নোমান, মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।