ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় ও চতুর্থ পর্বের শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বদলির সুযোগ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বর্তমান প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে বদলির আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বদলিতে আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত নিয়মে বর্তমান প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদনে বাবা, মা অথবা বৈধ অভিভাবকের প্রতিস্বাক্ষর থাকতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য অনলাইনে বোর্ডে পাঠাবে।
প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটের ‘অনলাইনে তথ্য প্রেরণ বা গ্রহণ’ অপশনে গিয়ে ‘ডিপ্লোমা পর্যায়’ থেকে ‘ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ট্রান্সফার ডাটা এন্ট্রি লিংক’-এ প্রবেশ করে তথ্য পাঠাতে হবে।
অনলাইনে তথ্য পাঠানোর সার্ভার আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চালু থাকবে।
বদলির ক্ষেত্রে শিক্ষার্থীর টেকনোলজি, প্রবিধান ও শিফট বর্তমান ও কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের মধ্যে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ প্রথম শিফটের শিক্ষার্থী শুধু প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটের শিক্ষার্থী দ্বিতীয় শিফটেই বদলির জন্য বিবেচিত হবেন।
এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) বা আলিম (বিজ্ঞান) পাস করে সরাসরি তৃতীয় বা চতুর্থ পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন না। কোনো বিষয়ে অকৃতকার্য বা রেফার্ড শিক্ষার্থীরাও বদলির আবেদন করতে পারবেন না। শুধু সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদনের যোগ্য।
সরকারি প্রতিষ্ঠানে পড়া শিক্ষার্থী কেবল অন্য সরকারি প্রতিষ্ঠানে এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শুধু বেসরকারি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
যে প্রতিষ্ঠানে বদলি হতে ইচ্ছুক, সেখানে সংশ্লিষ্ট টেকনোলজি চালু থাকা এবং ওই পর্বে আসন খালি থাকা আবশ্যক। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বর্তমান ও কাঙ্ক্ষিত—দুই প্রতিষ্ঠানের সম্মতিও প্রয়োজন হবে।
এ ক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানকে বোর্ডের নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব লগইন ব্যবহার করে নির্ধারিত ছকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।
বোর্ড জানিয়েছে, অনলাইনে পাওয়া আবেদনগুলোর মধ্য থেকে শূন্য আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের বদলির জন্য মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে বোর্ডের প্রচলিত সাধারণ নীতিমালা অনুসরণ করা হবে।
বদলি সংক্রান্ত যেকোনো বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পর্ব সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বদলির ফল প্রকাশ করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সূচিও ফল প্রকাশের সময় জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।