প্রযুক্তি ডেস্ক:
আইফোন ব্যবহারকারীদের জন্য চ্যাটের সাজসজ্জায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন চ্যাট থিম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন কথোপকথনের ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি মেসেজ বাবলের রং ও ডিজাইনও নিজেদের পছন্দ অনুযায়ী বদলে নিতে পারবেন।
নতুন ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে এবং ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে সব আইফোন ব্যবহারকারী এখনই হোয়াটসঅ্যাপে নতুন থিমের অপশনটি দেখতে নাও পারেন।
হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট থিম গ্যালারিতে রয়েছে পাঁচটি আলাদা ক্যাটেগরি—Featured, Nature, Live, Minimal এবং Doodle।
Featured বিভাগে থাকবে হোয়াটসঅ্যাপের ডিজাইন টিমের তৈরি বিভিন্ন আকর্ষণীয় থিম। প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে Nature ক্যাটেগরি, যেখানে দেখা যাবে বিভিন্ন প্রাকৃতিক ও আউটডোর দৃশ্যের ওয়ালপেপার।
অন্যদিকে যারা তুলনামূলক সাদাসিধে ও পরিচ্ছন্ন ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য Minimal ক্যাটেগরি। এতে লাইট মোডের জন্য হালকা বা সাদা এবং ডার্ক মোডের জন্য গাঢ় ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে।
পুরোনো দিনের পরিচিত চেহারা ফিরিয়ে আনতে Doodle ক্যাটেগরিতে রাখা হয়েছে হোয়াটসঅ্যাপের ক্লাসিক ডুডল প্যাটার্নের ওয়ালপেপার।
নতুন থিমগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হতে পারে Live ক্যাটেগরি। এখানে এমন কিছু ওয়ালপেপার থাকছে, যেগুলো চ্যাটের পেছনে খুব ধীরগতিতে অ্যানিমেট বা নড়াচড়া করবে।
ব্যবহারকারীরা যাতে সহজেই অ্যানিমেটেড ওয়ালপেপারগুলো আলাদা করে চিনতে পারেন, সেজন্য এগুলোকে বিশেষ Live আইকন দিয়ে চিহ্নিত করা হয়েছে।
তবে অ্যানিমেশনের কারণে যেন মেসেজ পড়তে সমস্যা না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তাই ওয়ালপেপারের মুভমেন্ট ও উজ্জ্বলতা তুলনামূলকভাবে হালকা রাখা হয়েছে।
শুধু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন নয়, নতুন থিম ব্যবহারের সময় চ্যাট বাবলের রংও স্বয়ংক্রিয়ভাবে থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। ফলে ওয়ালপেপার ও মেসেজ বাবলের মধ্যে তৈরি হবে সমন্বিত একটি ভিজ্যুয়াল লুক।
এর ফলে প্রতিটি কথোপকথন ব্যবহারকারীর কাছে আগের তুলনায় আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় মনে হতে পারে।
আইফোনে হোয়াটসঅ্যাপের Chat Theme সেটিংসে প্রবেশ করলেই ফিচারটি পাওয়া গেলে বিভিন্ন থিম ও ক্যাটেগরি দেখা যাবে। সেখান থেকে পছন্দের থিম নির্বাচন করে চ্যাটের চেহারা পরিবর্তন করা যাবে।
তবে এখনো যদি কারও অ্যাপে অপশনটি দেখা না যায়, সেক্ষেত্রে চিন্তার কারণ নেই। কারণ হোয়াটসঅ্যাপ ধাপে ধাপে ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করছে।
ফিচারটি দ্রুত পাওয়ার সম্ভাবনা বাড়াতে আইফোনের App Store থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করে রাখা যেতে পারে। আপডেটের পরও অপশনটি না এলে অপেক্ষা করতে হবে—কারণ ফিচারটি আপনার অ্যাকাউন্টের জন্য সক্রিয় হওয়া পর্যন্ত সেটিংসে এটি দেখা নাও যেতে পারে।