জল আর মাটির সঙ্গে মানুষের সম্পর্ক যত পুরোনো, ততটাই গভীর বাংলাদেশের লোকসংস্কৃতির শিকড়। দেশের একেক অঞ্চলের প্রকৃতি, মানুষের পেশা, জীবনযাপন ও সামাজিক রীতিনীতি গড়ে দিয়েছে একেক ধরনের স্বতন্ত্র সংস্কৃতি। পাবনার সুজানগর উপজেলার বিস্তীর্ণ গাজনার বিলও তেমনই এক জনপদ। জল, কৃষি, মাছ, নৌকা আর মানুষের জীবনযাত্রাকে ঘিরে শত বছরের পথচলায় এ অঞ্চলে গড়ে উঠেছে সমৃদ্ধ লোকঐতিহ্য।
গাজনার বিলের সংস্কৃতি কেবল কিছু গান, উৎসব কিংবা লোককথায় সীমাবদ্ধ নয়। এখানকার মানুষের শ্রম, আনন্দ-বেদনা, বিশ্বাস, পারস্পরিক সম্পর্ক এবং প্রকৃতিনির্ভর জীবনধারার সামগ্রিক প্রকাশই এই লোকসংস্কৃতির মূল ভিত্তি।
বর্ষায় গাজনার বিল যখন বিশাল জলরাশিতে পরিণত হয়, তখন চারপাশের অনেক গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। এ সময় মানুষের চলাচলের প্রধান অবলম্বন হয়ে ওঠে নৌকা।
কৃষক নৌকায় মাঠে যান, জেলে নৌকা নিয়ে মাছ ধরতে বের হন, ব্যবসায়ীরা নৌকায় হাটে যান। একসময় বিদ্যালয়গামী অনেক শিক্ষার্থীরও যাতায়াতের মাধ্যম ছিল নৌকা। ফলে এই জলকেন্দ্রিক জীবনযাত্রার সঙ্গে মানুষের আবেগ ও সৃষ্টিশীলতারও গভীর সম্পর্ক তৈরি হয়।
মাঝিদের কণ্ঠে ভেসে আসত ভাটিয়ালি ও সারি গান। নৌকা চালানোর দীর্ঘ সময়কে আনন্দময় করে তুলত এসব গান। কখনো সেখানে থাকত প্রিয়জনের কথা, কখনো জীবনের দুঃখ-কষ্ট, কখনো প্রকৃতির সৌন্দর্য কিংবা স্রষ্টার প্রতি আস্থা।
বৈঠার ছন্দের সঙ্গে একসঙ্গে কণ্ঠ মেলানো সারিগান ছিল একই সঙ্গে বিনোদন ও শ্রমের সঙ্গী। নৌকার বৈঠার তালে তালে গানের সুরে মুখর হয়ে উঠত বিলের জলরাশি।
গাজনার বিলের অন্যতম আকর্ষণ ছিল নৌকাবাইচ। বর্ষার শেষভাগ কিংবা বিশেষ কোনো উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামের মানুষ প্রতিযোগিতায় নামতেন। লম্বা সরু নৌকায় একসঙ্গে বহু বৈঠিয়াল বৈঠা চালাতেন।
ঢোল, করতাল ও শিঙ্গার শব্দে আর দর্শকদের উচ্ছ্বাসে বিলের চারপাশ হয়ে উঠত উৎসবমুখর। নৌকাবাইচ ছিল শুধু প্রতিযোগিতা নয়, গ্রামের সম্মান ও ঐক্যের বিষয়ও। একটি নৌকার জয়কে পুরো গ্রামের জয় হিসেবে দেখতেন স্থানীয়রা।
গানের তালে তালে নৌকার গতি বাড়ত, আর পাড়ে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষ ও শিশুদের উচ্ছ্বাসে জমে উঠত পুরো আয়োজন।
গাজনার বিলের মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষির সম্পর্কও গভীর। বর্ষার পানি সরে গেলে বিলের আশপাশের উর্বর জমিতে শুরু হয় নানা ফসলের চাষ। ধান, পেঁয়াজ, রসুন, সরিষা, গম, ডাল ও বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয় এসব জমিতে।
ফসল ঘরে তোলাকে ঘিরে তৈরি হয়েছে নানা লোকাচার। নতুন ধান ঘরে ওঠার পর অনেক পরিবারে আয়োজন করা হতো নবান্নের। নতুন চালের ভাত, পায়েস, চিতই, ভাপা, পাটিসাপটা, পুলি-পিঠাসহ নানা ধরনের খাবারে সাজত ঘরের আয়োজন।
নতুন ফসল আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেওয়ার রীতিও ছিল সামাজিক সম্প্রীতির অন্যতম নিদর্শন। কৃষকের কাছে নতুন ফসল ছিল শুধু বছরের উপার্জন নয়, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোরও উপলক্ষ।
একসময় গাজনার বিল ছিল দেশীয় মাছের সমৃদ্ধ ভাণ্ডার। বোয়াল, রুই, কাতলা, মৃগেল, শোল, গজার, টাকি, কই, শিং, মাগুর, টেংরা, পাবদা, ফলি, চিংড়ি, আইড়সহ নানা প্রজাতির মাছ পাওয়া যেত এখানে।
মাছ ধরার সঙ্গে তৈরি হয়েছিল নিজস্ব সংস্কৃতিও। বেড়জাল, পুঁটিজাল, পলো, চাই, ঘুনি, বরশি, খেয়াজাল ও টানাজালের মতো দেশীয় সরঞ্জাম ব্যবহার করতেন জেলেরা।
বিশেষ করে শীত মৌসুমে দলবেঁধে পলো দিয়ে মাছ ধরার আয়োজন ছিল গ্রামবাসীর কাছে আনন্দের। অনেকে একসঙ্গে জলাশয়ে নেমে মাছ ধরতেন। পরে সেই মাছ ভাগাভাগি করে নেওয়া হতো। ফলে মাছ ধরা হয়ে উঠত একই সঙ্গে জীবিকা, আনন্দ এবং সামাজিক মিলনের উপলক্ষ।
গাজনার বিলের আশপাশের গ্রামীণ সমাজে বিভিন্ন উৎসব ও ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে বসত মেলা। ঈদ, নবান্ন, বাংলা নববর্ষ, ওরস কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষে এসব মেলা জমে উঠত।
মেলায় থাকত নাগরদোলা, লাঠিখেলা, কুস্তি, পুতুলনাচ, যাত্রাপালা, কবিগান, জারি-সারি ও বাউলগানের আসর। কোথাও কোথাও আয়োজন হতো লোকনাট্যেরও।
বাঁশ-বেতের তৈরি সামগ্রী, মাটির হাঁড়ি-পাতিল, কাঠের খেলনা, বাঁশি, চুড়ি, মিষ্টান্ন ও কৃষিপণ্য বিক্রি হতো মেলায়। তাই মেলা ছিল কেনাবেচার পাশাপাশি মানুষের দেখা-সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগেরও বড় ক্ষেত্র।
গাজনার বিলের মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিল নানা লোককথা, কিংবদন্তি ও প্রবাদ-প্রবচন। বিলের উৎপত্তি, পুরোনো বসতি, রহস্যময় স্থান, ঝড়-ঝঞ্ঝা কিংবা জেলেদের বিচিত্র অভিজ্ঞতা ঘিরে তৈরি হয়েছে অসংখ্য গল্প।
সন্ধ্যার পর উঠোনে বসে প্রবীণদের কাছ থেকে এসব গল্প শুনে বড় হয়েছে বহু প্রজন্ম। লিখিত ইতিহাসের বাইরে এই মৌখিক ধারাই হয়ে উঠেছিল স্থানীয় লোকজ জ্ঞান ও স্মৃতির অন্যতম বাহন।
গাজনার বিলের লোকজ সংস্কৃতিতে খাদ্যেরও আলাদা অবস্থান রয়েছে। দেশীয় মাছ, নতুন চালের ভাত, পান্তা, শাপলা, কচুশাক, কলমিশাক, হেলেঞ্চাসহ বিভিন্ন জলজ উদ্ভিদ ছিল স্থানীয় খাদ্যাভ্যাসের অংশ।
ঋতুর পরিবর্তনের সঙ্গে বদলে যেত খাবারের ধরনও। বর্ষায় মাছ ও শাপলার নানা পদ, শীতে নতুন চালের ভাত ও পিঠাপুলি—প্রকৃতি ও খাদ্যাভ্যাসের এই সম্পর্ক লোকসংস্কৃতিকে দিয়েছে আলাদা বৈচিত্র্য।
গাজনার বিলের লোকজ পরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আঞ্চলিক ভাষা ও পোশাক। প্রবীণ পুরুষদের পোশাকে লুঙ্গি, গামছা ও ধুতির ব্যবহার ছিল সাধারণ। নারীদের পরনে থাকত সুতির শাড়ি।
কথ্য ভাষায় ব্যবহৃত আঞ্চলিক শব্দ, প্রবাদ ও বাগধারা স্থানীয় মানুষের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় বহন করত। এসব শব্দ ও বাক্যপ্রয়োগের অনেকটাই আবার প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে টিকে ছিল।
গাজনার বিলের লোকজ জীবন ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত লোকসাহিত্যবিশারদ মুহম্মদ মনসুর উদ্দিনের নাম। এই জনপদেই তাঁর জন্ম। বাংলা একাডেমি প্রকাশিত ‘মুহম্মদ মনসুর উদ্দিন রচনাবলি’র ‘পঁচিশে মার্চ’ উপন্যাসে গাজনার বিলের লোকজ জীবন ও সংস্কৃতির নানা চিত্র উঠে এসেছে বলে জানা যায়।
এ ছাড়া বাউল কবি গোলাম মোর্তজাও গাজনার বিলকে কেন্দ্র করে ৩২ পৃষ্ঠার একটি ক্ষুদ্র পুস্তিকা প্রকাশ করেছেন।
গাজনার বিলের মানুষের জীবন ছিল পারস্পরিক সহযোগিতানির্ভর। ধান কাটা, ঘর তোলা, বিয়ে কিংবা বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো ছিল সামাজিক রীতির অংশ।
ধর্মীয় পার্থক্য থাকলেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য ছিল দীর্ঘদিনের। ফলে লোকসংস্কৃতি এখানে শুধু বিনোদন নয়, মানুষের মধ্যে সম্পর্ক ও সম্প্রীতি ধরে রাখারও মাধ্যম ছিল।
সময় বদলেছে। বদলে গেছে মানুষের জীবনযাপনও। আধুনিক প্রযুক্তি, নগরায়ণ, জলাভূমির সংকোচন, দেশীয় মাছের সংখ্যা কমে যাওয়া এবং লোকশিল্পীদের অভাবের কারণে গাজনার বিলের অনেক ঐতিহ্য এখন অস্তিত্বের সংকটে।
আগের মতো নিয়মিত শোনা যায় না ভাটিয়ালি বা সারিগানের সুর। অনেক এলাকায় নৌকাবাইচের আয়োজনও কমেছে। প্রবীণদের স্মৃতিতে থাকা বহু লোককথা, আঞ্চলিক শব্দ ও লোকগান হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
তাই গাজনার বিলের লোকসংস্কৃতি সংরক্ষণে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। প্রবীণদের কাছ থেকে লোককথা সংগ্রহ, লোকগান ও আঞ্চলিক শব্দ লিপিবদ্ধ করা, স্থানীয় ইতিহাস নিয়ে গবেষণা, নৌকাবাইচ ও লোকজ উৎসব আয়োজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব।
গাজনার বিল আসলে শুধু একটি জলাভূমির নাম নয়। এর জল, মাটি, মাছ, নৌকা, কৃষি আর মানুষ মিলে তৈরি করেছে একটি জীবন্ত সাংস্কৃতিক ইতিহাস। সেই ইতিহাসে আছে শ্রমের গান, উৎসবের আনন্দ, নৌকাবাইচের উত্তেজনা, নবান্নের ঘ্রাণ, মাছ ধরার উচ্ছ্বাস এবং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মানুষের গল্প। তাই গাজনার বিলের লোকসংস্কৃতি সংরক্ষণ মানে শুধু একটি এলাকার ঐতিহ্য রক্ষা নয়—বাংলাদেশের বহুমাত্রিক লোকজ পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা।