ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দুর্ঘটনার পর ট্যাংকারে আগুন ধরে যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটিই দুর্ঘটনার কারণ হতে পারে।
সানান্দাজের গভর্নর জানান, দুর্ঘটনার পর আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
ইরানে জ্বালানি ট্যাংকার ও ভারী যানবাহনকে ঘিরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেশটির দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং ভারী যান চলাচলের কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
এর আগে ২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রী ওঠানামার জন্য থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। সড়কের বেহাল অবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ২০১৭ সালের এক প্রতিবেদনে ইরানের সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউন জানিয়েছিল, দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং আহত হন প্রায় ৮ লাখ।