দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার এখন আর আপিল করার সুযোগও নেই। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ভারতের ওপর চাপ তৈরির জন্য প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে-এমন কোনো কৌশল সরকারের নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান সরাসরি। তিনি বলেন, শেখ হাসিনা, আপনি আসবেন না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনার আপিলের সুযোগ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, তার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া বিচার পুনর্বিবেচনার সুযোগও তার নেই। জাহেদ উর রহমান বলেন, টেকনিক্যালি এখন ব্যাপারটা হলো, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি সরকারের কাছে ‘স্ট্রং’। তিনি নিজে দেশে আসুন কিংবা সরকার তাকে ফিরিয়ে আনুক-তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ও নীতি স্পষ্ট।