বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ দাতব্য প্রতিষ্ঠান নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন ইয়োহেই সাসাকাওয়া। বিশেষ গুরুত্ব পায় কুষ্ঠরোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং কার্যক্রম।
এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং তাদের আয়-উপার্জনের সুযোগ তৈরির বিষয়ে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
বাংলাদেশ সফর করায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি দেশের অসচ্ছল মানুষের কল্যাণেও নিপ্পন ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বেশি উন্নয়ন ও মানবিক প্রকল্প নিয়ে এগিয়ে আসতে পারে।
এ সময় তিনি রোহিঙ্গা ও দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় নিয়ে নতুন উদ্যোগ গ্রহণের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সংস্থাটির মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন জামায়াতে ইসলামীর আমির।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি। এছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।