বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, দায়িত্ব পালনের ক্ষেত্রেও স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন।
সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, এ বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে এমন বক্তব্য দিয়েছেন, যা তাঁর ভাষায় জাতির সঙ্গে প্রতারণামূলক।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে জনগণের সামনে স্পষ্ট যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই।
এ পরিস্থিতির জন্য তিনি বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন।