ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলোর কার্যক্রম ও অনুমোদন যাচাইয়ের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে প্রথম ধাপের যাচাইয়ে আরও ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বন্ধের তালিকায় থাকা মাদ্রাসাগুলোর বড় একটি অংশ কওমি ধারার। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে মালদহে—৪৪টি। এরপর উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ চব্বিশ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।
শোকজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে রাজ্যের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে তাদের বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। নির্ধারিত কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে সেসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।
রাজ্যে অনুমোদিত ও অননুমোদিত মাদ্রাসার প্রকৃত সংখ্যা নির্ধারণের উদ্যোগ হিসেবে এর আগে গত জুনে রাজ্যজুড়ে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়। সেই যাচাই-বাছাইয়ের প্রথম ধাপেই এসব মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এসেছে।