রাজধানীর পল্লবীতে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে মো. সজীব (২২) নামে এক তরুণকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েলের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তার রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হাসান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে পল্লবী থানার সেকশন-১০-এর ব্লক-এ এলাকায় প্যারিস রোডসংলগ্ন কাঠালতলা মাঠের মাঝামাঝি সজীবের পথরোধ করেন কয়েকজন।
এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সজীব এতে বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।
একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার পেটের ডান পাশে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।
নিহত সজীব পল্লবী এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করতেন।
সজীবের মৃত্যুর ঘটনায় তার মা মোসা. কহিনুর বেগম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযান চালিয়ে ১৪ সেপ্টেম্বর পল্লবীর একটি বাসা থেকে মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।