রানার মোটরস পিএলসি থেকে বাণিজ্যিক যানবাহন কেনায় ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) এবং করপোরেট গ্রাহকদের সহজ অর্থায়ন সুবিধা দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও রানার মোটরস পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এই উদ্যোগের আওতায় লজিস্টিকস, পরিবহনসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে সুসংগঠিত ও গ্রাহকবান্ধব অটো লিজ ফাইন্যান্সিং সেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর গুলশানে এমটিবি সেন্টারে ব্যাংকের করপোরেট হেড অফিসের ‘এমটিবি সান বোর্ড রুমে’ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এমটিবির পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ এবং রানার মোটরসের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় রানার মোটরসের বাণিজ্যিক যানবাহন কিনতে আগ্রহী সম্ভাব্য এসএমই ও করপোরেট গ্রাহকদের অটো লিজ ফাইন্যান্সিংয়ের জন্য এমটিবির কাছে রেফার করা হবে।
এর ফলে ব্যবসায়িক প্রয়োজনে বাণিজ্যিক যানবাহন সংগ্রহ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকের অর্থায়ন সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া নির্ধারিত যোগ্যতা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ সাপেক্ষে ভবিষ্যতে বৈদ্যুতিক যাত্রীবাহী যানবাহন বা ইভি অর্থায়নের ক্ষেত্রেও এই অংশীদারত্ব নতুন সুযোগ তৈরি করতে পারে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে এবং এসএমই-সিআরএম প্রধান ইফতেখার আজিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিবি ও রানার মোটরসের যৌথ এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক গ্রাহকদের জন্য সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের পরিবহন ও ব্যবসা-বাণিজ্য খাতের সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অটোমোবাইল খাতের বিকাশেও এ অংশীদারত্ব অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।