ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
ড. রাজ্জাককে পরিচালনা পর্ষদে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্যাংকটি প্রবৃদ্ধি ও রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে শক্তিশালী সুশাসন ও কৌশলগত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গবেষণা, উন্নয়ন, শিক্ষা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে ড. রাজ্জাকের দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে সমৃদ্ধ করবে। একই সঙ্গে তাঁর অভিজ্ঞতা ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও সুশাসন কাঠামো আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে স্টেকহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টিতে তাঁর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অর্থনীতি, উন্নয়ন, গবেষণা ও জননীতি নিয়ে দেশ-বিদেশে কাজের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে ড. মোহাম্মদ আবদুর রাজ্জাকের। বর্তমানে তিনি ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। সেখানে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি হিসেবে বাণিজ্যনীতি ও বৈশ্বিক অ্যাডভোকেসি বিষয়ে কমনওয়েলথের কার্যক্রমে নেতৃত্ব দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতাও করেছেন তিনি।
সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবীয় অঞ্চল ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি নিয়ে বিভিন্ন গবেষণা ও কার্যক্রমে যুক্ত ছিলেন ড. রাজ্জাক। বাংলাদেশের উন্নয়ন, নীতি বিশ্লেষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে একাধিকবার কারিগরি উপস্থাপনাও দিয়েছেন। পাশাপাশি যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের বিভিন্ন কমিটির সামনে এভিডেন্স উপস্থাপনের জন্যও আমন্ত্রণ পেয়েছেন।
বাংলাদেশের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা ও নীতি বিশ্লেষণে ড. রাজ্জাকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর কাজের অন্যতম ক্ষেত্র হলো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ও পরবর্তী করণীয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনীতি।
বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের নীতি গবেষণায়ও তিনি নেতৃত্ব ও অবদান রেখেছেন। এলডিসি উত্তরণের প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা সংস্কার এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তাঁর কাজ রয়েছে।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ডিগ্রি অর্জন করেছেন। গবেষণা ও নীতিনির্ধারণ বিষয়ে তাঁর একাধিক বই, জার্নাল নিবন্ধ ও পলিসি পেপার প্রকাশিত হয়েছে।