বাংলাদেশের সামুদ্রিক খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে আগামী সপ্তাহে ১৪টি ডাচ কোম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। বিশেষ করে বঙ্গোপসাগরকেন্দ্রিক সামুদ্রিক অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, মৎস্য ও জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে দলটি।
এ সফরকে বাংলাদেশের সামুদ্রিক খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এ তথ্য জানিয়েছেন। সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর তৃতীয় দিনের এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, “আগামী সপ্তাহে ১৪টি ডাচ কোম্পানির একটি বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা বিশেষ করে সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।”
বঙ্গোপসাগরকে আঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক যোগাযোগ, মৎস্য, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন জোরিস ভ্যান বোমেল। তিনি বলেন, বঙ্গোপসাগরের সম্ভাবনাকে কাজে লাগাতে টেকসই পরিকল্পনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন ও সামুদ্রিক উন্নয়ন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা, কারিগরি দক্ষতা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং সরকার ও জনগণের মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন।
ডাচ বাণিজ্য প্রতিনিধিদলের আসন্ন সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতিতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বঙ্গোপসাগরের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বকে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতাও আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হতে পারে।