শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ ইরানের হুঁশিয়ারি, প্রতিবেশী দেশগুলোর আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা বৃষ্টি ও পরিবহন খরচে চড়া সবজির বাজার কক্সবাজার বিমানবন্দরে নতুন দিগন্ত আগামী সপ্তাহে চালু হচ্ছে নবনির্মিত টার্মিনাল জাতিসংঘে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের অভিনন্দন রাশিয়ায় বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক শিশুসাহিত্যিক ও ছড়াকার আখতার হুসেন আর নেই পাঠ্যবই ছাপার দরপত্রে অনিয়মের অভিযোগ, বাড়তি ব্যয়ের শঙ্কা জ্বালানি তেলের দাম: রাষ্ট্রের হিসাবের সঙ্গে মানুষের হিসাবও জরুরি চাকরির চাপে বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কেই বাড়ছে দূরত্ব

শুধু প্রশ্নের উত্তর নয়, এবার আইফোনে কাজও করবে সিরি

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের উপযোগী করে বড় ধরনের পরিবর্তন আনছে অ্যাপল। নতুন সিরি শুধু ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; আইফোনের পর্দায় কী দেখা যাচ্ছে তা বুঝে বিভিন্ন অ্যাপে প্রয়োজনীয় কাজও করতে পারবে। পাশাপাশি বার্তা, ক্যালেন্ডারসহ ফোনে থাকা ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধাও যুক্ত হচ্ছে।

অ্যাপল জানিয়েছে, নতুন এই সংস্করণটি তাদের পরবর্তী প্রজন্মের সফটওয়্যার অভিজ্ঞতার অংশ হিসেবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে ব্যবহৃত সিরিকে আরও কার্যকর এআই সহকারীতে রূপ দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

প্রশ্নের উত্তর থেকে ‘কাজ করে দেওয়া’

সিরির মূল ধারণার সঙ্গে যুক্ত ছিলেন ড্যাগ কিটলস, অ্যাডাম শেয়ার ও টম গ্রুবার। ২০০৭ সালে তারা একটি উদ্যোগ শুরু করেন, যার আগে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এমন প্রযুক্তি নিয়ে কাজ করা হয়েছিল।

তাদের লক্ষ্য ছিল প্রচলিত সার্চ ইঞ্জিনের মতো শুধু তথ্য খুঁজে দেওয়া নয়, বরং ব্যবহারকারী যে কাজটি করতে চাইছেন সেটিও তার হয়ে সম্পন্ন করা।

অ্যাডাম শেয়ার এই ধারণাটিকে ‘ডু ইঞ্জিন’ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ তথ্য খোঁজার পাশাপাশি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করাই ছিল ধারণাটির মূল বিষয়।

অ্যাপল ২০১০ সালে ২০ কোটি ডলারের বেশি অর্থের বিনিময়ে সিরি অধিগ্রহণ করে বলে সে সময়ের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরের বছর আইফোন ৪এস-এর সঙ্গে প্রথমবারের মতো সিরিকে যুক্ত করে অ্যাপল।

তবে এত বছর পরও সিরির ব্যবহার মূলত অ্যালার্ম সেট করা, গান চালানো কিংবা সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমিত ছিল।

ফোনের পর্দা বুঝে অ্যাপে কাজ

নতুন সিরিতে সেই সীমাবদ্ধতা কাটানোর চেষ্টা করা হচ্ছে। আইফোনের স্ক্রিনে থাকা তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে এআই সহকারীটি।

ব্যবহারকারীর বার্তা, ক্যালেন্ডার এবং অন্যান্য অ্যাপে থাকা তথ্যও সিরি কাজে লাগাতে পারবে। ফলে শুধু মৌখিক প্রশ্নের উত্তর না দিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও নির্দিষ্ট সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হবে।

সিএনএনের পরীক্ষায় নতুন সিরির একটি সংস্করণ ব্যবহার করে দেখা গেছে, এটি মেসেজ অ্যাপে থাকা তথ্য থেকে আসন্ন দাঁতের চিকিৎসার সময় বের করতে পারে। বন্ধুর পাঠানো বার্তায় উল্লেখ থাকা একটি ব্যান্ড সম্পর্কেও অতিরিক্ত তথ্য খুঁজে দিতে পারে। এমনকি ইনস্টাগ্রামে দেখা কোনো খাবারের রেসিপি পরে দেখার জন্য সংরক্ষণ করতেও সহায়তা করতে পারে।

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় জোর

নতুন সিরির বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো ব্যক্তিগত তথ্যের ব্যবহার। ব্যবহারকারীর বার্তা, ক্যালেন্ডার বা অন্যান্য তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষাকে গুরুত্ব দিচ্ছে অ্যাপল।

এ জন্য ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। যেসব এআই কাজ সরাসরি আইফোনে সম্পন্ন করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের নির্দিষ্ট অংশ অ্যাপলের সার্ভারে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

অ্যাপলের ধারণা, তাদের বিশাল অ্যাপ ইকোসিস্টেম, আইফোন ও অ্যাপল ওয়াচের বিপুল ব্যবহারকারী এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার ওপর জোর—এই তিনটি বিষয় সিরিকে অন্য এআই সহকারীদের তুলনায় আলাদা অবস্থানে নিতে পারে।

অ্যাপ নির্মাতাদের জন্য নতুন চ্যালেঞ্জ?

সিরি যদি ব্যবহারকারীর হয়ে সরাসরি কেনাকাটা, রেস্তোরাঁয় বুকিং কিংবা ভ্রমণের ব্যবস্থা করতে পারে, তাহলে ভবিষ্যতে প্রতিটি কাজের জন্য আলাদা অ্যাপ খোলার প্রয়োজন কমে যেতে পারে।

সিরি, জেমিনি বা চ্যাটজিপিটির মতো এআই সহকারীরা ব্যবহারকারীর হয়ে সরাসরি কাজ করতে সক্ষম হলে অ্যাপভিত্তিক বর্তমান ডিজিটাল ব্যবহারের ধরনও বদলে যেতে পারে।

সিরির অন্যতম নির্মাতা ড্যাগ কিটলস মনে করেন, এর ফলে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে। কারণ ব্যবহারকারীরা যদি অ্যাপের নিজস্ব ইন্টারফেসের পরিবর্তে এআই সহকারীর মাধ্যমে কোনো সেবা গ্রহণ করেন, তাহলে অ্যাপ নির্মাতাদের জন্য সেটি নতুন বাস্তবতা তৈরি করবে।

১৫ বছর আগের লক্ষ্যেই ফিরছে সিরি

সিরির নির্মাতাদের কাছে মূল লক্ষ্য অবশ্য অবশ্যই বদলায়নি। ড্যাগ কিটলসের মতে, প্রায় ১৫ বছর আগে যে ধারণা নিয়ে সিরির যাত্রা শুরু হয়েছিল, সেটি ছিল ব্যবহারকারীর হয়ে কাজ সম্পন্ন করা।

এতদিন প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সেই ধারণা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে সেই পুরোনো লক্ষ্য বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হয়েছে।

ফলে নতুন এআইনির্ভর সিরি শুধু ‘কী জানতে চান’—তার উত্তর দেবে, নাকি সত্যিই ‘কী করতে চান’ সেটিও করে দেবে, সেটিই এখন অ্যাপলের সিরিকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102