বিরোধী দল শেখ হাসিনার রাজনৈতিক কৌশল অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আজম খান বলেন, প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী বিরোধী দলের সহযোগিতা কামনা করেছেন। কিন্তু, তারা সংসদে যেভাবে কথা বলে; সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। তাতে বোঝা যায়—একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সরানোর জন্য তারা ওই একজনের নীতি অনুসরণ করছে। তিনি বলেন, জনগণ কিন্তু এটা পছন্দ করছে না। ১৮ বছর জনগণ অনেক অত্যাচার, নির্যাতন ও খুন দেখেছে। মানুষ এই ধরনের কিছু আর দেখতে চায় না। বিএনপির এই নেতা বলেন, জনগণ পাঁচ বছর পরপর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে কোনো হুমকি-ধমকি চলবে না, রাতে ভোট হবে না। জনগণ ভোট দেবে—যারা নির্বাচিত হবে; পরের পাঁচ বছর তারা শাসন করবে। তিনি আরো বলেন, বিরোধী দল মনে করছে, হুমকি-ধমকি দিলেই বোধ হয় সরকার পড়ে যাবে। কিন্তু, ভুলে গেলে চলবে না, এটা জনগণের সরকার। এই সরকারকে ফেলে দেওয়া যাবে না।