মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামে আনন্দ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় নেতারা।
আলোচনায় নেতারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আনন্দ কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।
এ সময় জেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, কুড়িগ্রামের সন্তান রুহুল কবীর রিজভীর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। একই সঙ্গে কুড়িগ্রামসহ সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।