সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। রোগীদের দ্রুত ও নিরাপদে চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবায় এই অ্যাম্বুলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন এমপি উপস্থিত ছিলেন।
এ সময় এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের পরিচালনা বোর্ডের সিনিয়র সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডেভেলপমেন্ট অ্যাডভাইজার অধ্যাপক ডা. শাহ্ আলম আশরাফী, সিইও সৈয়দ মেজবাহ্ আলম এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. রফিকুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
এনসিসি ব্যাংকের এই উদ্যোগকে স্বাস্থ্যসেবায় বেসরকারি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দিনাজপুরসহ আশপাশের এলাকার হৃদরোগী ও অন্যান্য জরুরি রোগীদের পরিবহন সুবিধা নিশ্চিত করতে নতুন অ্যাম্বুলেন্সটি কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।