গত দেড় দশকে দেশের সাংবাদিকেরা স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেননি বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম। তাঁর অভিযোগ, ওই সময়ে সাংবাদিকদের একটি অংশ গণমাধ্যমকে আওয়ামী লীগের প্রচারমাধ্যমে পরিণত করেছিল। গণতন্ত্র ও জাতীয় স্বার্থ উপেক্ষা করে একপেশে সংবাদ পরিবেশনের চর্চা চালু ছিল বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামে দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিইউজে সভাপতি।
মো. শহিদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পর দেশের গণমাধ্যমে পরিবর্তনের একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সংবাদমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পেলে দেশে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। একই সঙ্গে জনগণ ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত হতে পারেন। তাই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম এবং জাতীয় পার্টির নগর আহ্বায়ক আবু তাহের।