অবসর সুবিধার জন্য আবেদন করেও এখনো ভাতা পাননি—এমন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টাকা পরিশোধে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও তথ্য চাওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশ অনুযায়ী, গত ১৫ আগস্ট থেকে অবসর সুবিধার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও যারা এখনো অর্থ পাননি, তাদের কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—
এসব কাগজপত্র ডাকযোগে, কুরিয়ার অথবা ই-মেইলের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ঢাকার কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
ই-মেইলে তথ্য ও কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আলাদা ঠিকানা ব্যবহার করতে হবে। স্কুল শাখার জন্য school.terbb@gmail.com, কলেজ ও কারিগরি শাখার জন্য college.terbb@gmail.com এবং মাদরাসা শাখার জন্য madrasha.terbb@gmail.com ঠিকানায় প্রয়োজনীয় নথি পাঠাতে বলা হয়েছে।
নোটিশে প্রত্যন্ত অঞ্চলে থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষভাবে জানানো হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে তাঁদের সশরীরে ঢাকায় আসার প্রয়োজন নেই। ডাক, কুরিয়ার কিংবা ই-মেইলের মাধ্যমেই নথি পাঠানো যাবে।
একই সঙ্গে এ সংক্রান্ত কোনো কাজে কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে। দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে শিক্ষক-কর্মচারীদের পরামর্শ দিয়েছে অবসর সুবিধা বোর্ড।
বোর্ড জানিয়েছে, যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নির্ধারিত ব্যাংক হিসাবে আইবাস++ অথবা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে অবসর সুবিধার অর্থ পাঠানো হবে।
তাই দ্রুত অর্থ পাওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের নোটিশে চাওয়া তথ্য ও কাগজপত্র যথাযথভাবে পাঠানোর আহ্বান জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।