এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এসেছে রেকর্ডসংখ্যক আবেদন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
এবার এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো আবেদন করা উত্তরপত্রগুলো পুনরায় মূল্যায়ন করা হয়েছে।
এর আগে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত খাতায় নম্বর দেওয়ার পর যোগফলে কোনো ভুল হয়েছে কি না, সেটিই যাচাই করা হতো। অর্থাৎ পুরো উত্তরপত্র নতুন করে মূল্যায়নের আওতায় আসত না।
তবে এবার আবেদন করা উত্তরপত্রগুলো আবার মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ফলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এবার কতজনের ফল পরিবর্তন হয়, সেদিকেও নজর থাকবে শিক্ষার্থী ও অভিভাবকদের।
গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ১৭ আগস্ট রাত পর্যন্ত চলে এ কার্যক্রম।
নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্রের জন্য আবেদন করতে পারায় পরীক্ষার্থীর তুলনায় মোট আবেদনসংখ্যা বেশি হয়েছে।
সব শিক্ষা বোর্ড মিলিয়ে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টিতে।
বোর্ডভিত্তিক হিসাবে এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
অন্য বোর্ডগুলোর মধ্যে কুমিল্লায় ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি এবং বরিশালে ১৭ হাজারের বেশি পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
এ ছাড়া সিলেট শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
বৃহস্পতিবারের ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের মাধ্যমে কতজন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে, তা জানা যাবে।