আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে এ আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিভাগের প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চের উদ্বোধনী সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শাখাগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা করার কথা রয়েছে। পরে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সমাপনী সমাবেশ।
জনগণের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা, রংপুর-দিনাজপুর অঞ্চলের দায়িত্বশীল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রতিনিধি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা এবং স্বাস্থ্য ও আইটি বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।