২০২৭ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় ১৩টি বিষয়ের প্রশ্নপত্র একই হবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এসব বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
তবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। এসএসসি ও দাখিলের সিলেবাসে পার্থক্য থাকায় এ বিষয়ের জন্য আলাদা প্রশ্নপত্র তৈরি করা হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের নিয়মিত দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য নিচের ১৩টি বিষয়ের প্রশ্নপত্র অভিন্ন থাকবে—
বাংলা দ্বিতীয় পত্র — বিষয় কোড ১০২
ইংরেজি প্রথম পত্র — বিষয় কোড ১০৭
ইংরেজি দ্বিতীয় পত্র — বিষয় কোড ১০৮
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) — বিষয় কোড ১৫৪
গণিত — বিষয় কোড ১০৯
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় — বিষয় কোড ১৫০
পদার্থবিজ্ঞান — বিষয় কোড ১৩৬
রসায়ন — বিষয় কোড ১৩৭
জীববিজ্ঞান — বিষয় কোড ১৩৮
উচ্চতর গণিত — বিষয় কোড ১২৬
পৌরনীতি ও নাগরিকতা — বিষয় কোড ১৪০
কৃষিশিক্ষা — বিষয় কোড ১৩৪
গার্হস্থ্যবিজ্ঞান — বিষয় কোড ১৫১
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা প্রথম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ নির্ধারণ করা হলেও এ বিষয়ে দাখিল ও এসএসসি পরীক্ষার সিলেবাস এক নয়।
এ কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র আলাদাভাবে প্রণয়ন করা হবে।
অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে নতুন করে অভিন্ন প্রশ্নপত্রের ব্যবস্থা করা হয়নি। তাদের রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখ থাকা বিষয় কোডই বহাল থাকবে।
এ ছাড়া অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আগের নিয়ম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র তৈরি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বোর্ডের আওতাধীন সব মাদরাসা, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শাখাকে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।