সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর কাছে হস্তান্তর করেন ডা. শফিকুর রহমান।
চিঠিতে বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার এবং সৌদি জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
চিঠিতে সৌদি আরবের সঙ্গে বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় ও আবেগগত সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়। মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম এবং মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জন্য সৌদি আরবের ভূমিকার উল্লেখ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা ও সেবার বিষয়টিও এতে গুরুত্ব পায়।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক কেবল প্রচলিত দ্বিপক্ষীয় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক যোগাযোগ এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেও এ বন্ধন গড়ে উঠেছে।
সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের সেতু হিসেবে কাজ করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।