গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে লেখা একটি শুভেচ্ছাবার্তা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে তুলে দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
চীনের জাতীয় দিবস উপলক্ষে চীনের সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান। পরে তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়।
চিঠিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন জামায়াতের আমির।
অনুষ্ঠানটি ঘিরে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।