আবারও ঢাকার মঞ্চে দর্শক মাতাতে আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বিশেষ একক কনসার্ট—‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের আয়োজনে হতে যাওয়া এই কনসার্টের খবর ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আয়োজকদের প্রচারণার পাশাপাশি কনসার্টের পোস্টার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন ওটিলিয়া।
খবর প্রকাশের পর থেকেই বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে ওটিলিয়ার জনপ্রিয় গান ‘বিলিওনেরা’র ভক্তদের মধ্যে কনসার্ট ঘিরে তৈরি হয়েছে উচ্ছ্বাস।
২০১৪ সালে প্রকাশের পর ‘বিলিওনেরা’ গানটি দ্রুত আন্তর্জাতিক শ্রোতাদের নজর কাড়ে। স্প্যানিশ ও ইংরেজি ভাষার মিশ্রণ, সঙ্গে লাতিন ও বালকান ঘরানার ছন্দ—সব মিলিয়ে ড্যান্স-পপ গানটি বিভিন্ন দেশের ক্লাব ও ড্যান্স ফ্লোরে ব্যাপক জনপ্রিয়তা পায়।
বাংলাদেশেও গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সূত্রে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয় ওটিলিয়ার আলাদা একটি শ্রোতাগোষ্ঠী।
২০২২ সালের পর আবার ঢাকায় তার ফিরে আসার খবরে সেই ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
তবে এখনো কনসার্টের নির্দিষ্ট ভেন্যু, টিকিটের দাম এবং টিকিট বিক্রির সময়সূচি জানানো হয়নি। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এসব তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।