হলিউডের জনপ্রিয় রেসিং-অ্যাকশন সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েলে টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত হতে যাওয়া ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২ জুন ২০২৮ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ছবিটি আইম্যাক্সসহ বিভিন্ন প্রিমিয়াম ফরম্যাটে প্রদর্শিত হবে।
১৯৯০ সালে টনি স্কট পরিচালিত মূল ‘ডেজ অব থান্ডার’-এ NASCAR রেসার কোল ট্রিকল চরিত্রে অভিনয় করেছিলেন টম ক্রুজ। প্রায় ৩৮ বছর পর চরিত্রটি নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। নতুন কিস্তিতেও ক্রুজকে দেখা যাবে কোল ট্রিকল হিসেবে।
অ্যান হ্যাথাওয়ে অভিনয় করবেন নতুন একটি চরিত্রে। তাকে দেখা যাবে একটি রেসকার দলের মালিক ও প্রকৌশলী হিসেবে। ছবির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে। তবে টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি রেসিং-ট্র্যাক থেকে প্রকাশিত একটি ছবি ও ভিডিওর মাধ্যমে তাদের একসঙ্গে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিক্যুয়েলটি পরিচালনা করবেন জোনাথন লেভিন। ছবিটির চিত্রনাট্য লিখছেন উইল স্ট্যাপলস। প্রযোজনায় টম ক্রুজের সঙ্গে থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। জেরি ব্রুকহাইমার ১৯৯০ সালের মূল সিনেমাটিও প্রযোজনা করেছিলেন।
মূল ‘ডেজ অব থান্ডার’-এ টম ক্রুজের পাশাপাশি অভিনয় করেছিলেন নিকোল কিডম্যান, রবার্ট ডুভাল, র্যান্ডি কুয়েড, মাইকেল রুকার, ক্যারি এলওয়েস ও জন সি. রেইলি। নতুন সিক্যুয়েলে মূল কাস্টের আর কারা ফিরছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ২০২৬ সালটি অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারের জন্য বেশ ব্যস্ত। চলতি বছরে ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘দ্য ওডিসি’-সহ একাধিক আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে। সামনে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভেরিটি’সহ আরও কয়েকটি বড় প্রকল্প রয়েছে তার।
অন্যদিকে, ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ অধ্যায়ের পর টম ক্রুজের সামনে রয়েছে বেশ কয়েকটি বড় প্রজেক্ট। ‘ডেজ অব থান্ডার’ সিক্যুয়েলের পাশাপাশি তাকে আলেজান্দ্রো গনজালেস ইনারিতুর ‘ডিগার’ ছবিতেও দেখা যাবে।
১৯৯০ সালের মূল সিনেমাটি মুক্তির প্রায় চার দশক পর ‘ডেজ অব থান্ডার’ ফ্র্যাঞ্চাইজির এই প্রত্যাবর্তন তাই টম ক্রুজ-ভক্তদের পাশাপাশি রেসিং সিনেমাপ্রেমীদের মধ্যেও তৈরি করেছে ব্যাপক আগ্রহ।