দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত আয়োজনের বাইরে এবার প্রচার হবে একটি বিশেষ সংকলিত পর্ব। নতুন করে ধারণ করা কোনো পর্ব নয়, বরং বিভিন্ন সময়ে প্রচারিত ‘ইত্যাদি’র নির্বাচিত ও দর্শকনন্দিত কিছু অংশ নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এটি প্রচার হবে।
২০১৯ সালের নভেম্বরে বান্দরবানের নীলাচলের টাইগার পাহাড়ের চূড়ায় ধারণ করা হয়েছিল ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব। পাহাড়, ঝরনা, নদী ও অরণ্যে ঘেরা বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি সেখানে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতিও উঠে এসেছিল সেই আয়োজনে। এবারের সংকলনে ওই পর্বের নির্বাচিত কিছু অংশের পাশাপাশি ‘ইত্যাদি’র আরও কয়েকটি পর্বের উল্লেখযোগ্য দৃশ্য থাকছে।
বিশেষ গুরুত্ব পাচ্ছে বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও প্রবীণ অভিনেতা মাসুদ আলী খানের অভিনীত একটি নাট্যাংশ। দীর্ঘ অসুস্থতার পর এ টি এম শামসুজ্জামান ওই নাট্যাংশের মধ্য দিয়ে আবারও টেলিভিশন ক্যামেরার সামনে অভিনয়ে ফিরেছিলেন। পরবর্তীতে দুজনই প্রয়াত হন। জানা গেছে, ‘ইত্যাদি’র ওই নাট্যাংশটিই ছিল তাদের দুজনের জীবনের শেষ অভিনয়। দর্শকরা এবারের সংকলিত পর্বে সেই অংশটি আবার দেখার সুযোগ পাবেন।
বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা নিয়েও থাকছে তথ্যনির্ভর প্রতিবেদন। জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন দর্শনীয় স্থান এবং পর্যটকদের আকর্ষণের বিষয়গুলো তুলে ধরা হবে এতে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালুর উদ্যোগ নেওয়া পার্বত্য এলাকার চঞ্চল কান্তি চাকমাকে নিয়ে রয়েছে একটি প্রতিবেদন।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারকে ঘিরেও থাকছে শিক্ষামূলক প্রতিবেদন। পরিবারের সদস্যরা নিজেরা শিক্ষিত হওয়ার পাশাপাশি অন্যদের শিক্ষার সুযোগ করে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, প্রতিবেদনে উঠে আসবে সেই গল্প। বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্রসৈকতের পরিবেশ ও তা রক্ষার প্রয়োজনীয়তা নিয়েও থাকছে সচেতনতামূলক আয়োজন।
সংগীতের অংশে বাংলা ও মারমা ভাষার দুই প্রতিষ্ঠিত শিল্পী আঁখি আলমগীর ও মান মান সিংয়ের কণ্ঠে শোনা যাবে অনুরাগের গান। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
এ ছাড়া বান্দরবানের সবুজ প্রকৃতি ও বৈচিত্র্যময় সৌন্দর্যকে কেন্দ্র করে আরেকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শতাধিক শিল্পী। জেলার ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে তৈরি হয়েছে এই বিশেষ নৃত্য পরিবেশনা।
সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা ঘটনাকে ব্যঙ্গ করে ‘ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে নির্বাচিত কয়েকটি নাট্যাংশও থাকছে এবারের আয়োজনে। পাশাপাশি নিয়মিত জনপ্রিয় বিভাগ নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শকপর্ব ও চিঠিপত্রও দেখা যাবে।
বরাবরের মতো এবারের বিশেষ সংকলিত পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।