বৃষ্টি, নদী, নৌকা আর সবুজ বাংলার নানা চিত্র শিশু-কিশোরদের রংতুলিতে উঠে এসেছে রাজধানীর জাতীয় চিত্রশালায়। শিশু-কিশোরদের সৃজনশীলতা ও শিল্পচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে ছোটদের পত্রিকা দোলনের আয়োজনে অনুষ্ঠিত ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোর শিল্পী, অভিভাবক, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ প্রদর্শনীতে শিশুদের আঁকা ছবিতে ফুটে ওঠে বৃষ্টিভেজা প্রকৃতি, নদী-নালা, নৌকা, গ্রামবাংলার জীবন, সবুজ মাঠসহ বর্ষার নানা রূপ। শিশুদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বাংলার বর্ষাকে দেখার এই আয়োজন দর্শনার্থীদেরও আকৃষ্ট করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এএএম কাওসার হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা বলেন, শিশুদের হাতে রংতুলি তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের কল্পনা ও স্বপ্নকে বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়। শিশুদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচিত ও বিজয়ী শিশু-কিশোর শিল্পীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া অন্য শিল্পীদেরও সম্মাননা ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ আয়োজন ‘বায়োস্কোপে বাংলার বর্ষা’। এতে প্রদর্শনীর জন্য সেরা হিসেবে নির্বাচিত শিশু-কিশোরদের চিত্রকর্ম বায়োস্কোপের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।
শিশুদের চোখে দেখা বর্ষার বাংলাদেশকে এভাবে তুলে ধরার উদ্যোগ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। তাদের আঁকা ছবির মধ্য দিয়ে নদী, প্রকৃতি ও গ্রামীণ জীবনের বর্ষাকালীন সৌন্দর্য নতুনভাবে উপভোগের সুযোগ পান দর্শনার্থীরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের বাঁধাই করা চিত্রকর্ম তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য, শিশুদের দৃষ্টিতে বর্ষার বাংলাদেশকে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় আগ্রহী করে তোলাই ছিল ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬’-এর মূল লক্ষ্য। শিশুদের আঁকা ছবির মাধ্যমে দেশের প্রকৃতি, জীবন ও বর্ষার বৈচিত্র্যকে নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি তাদের সৃজনশীলতা ও শিল্পভাবনাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এই আয়োজনের মাধ্যমে।