নির্মাতা হিসেবে পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টেলিফিল্ম নিয়ে হাজির হচ্ছেন চয়নিকা চৌধুরী। ‘সময় একটু থামো’ নামের এই টেলিফিল্মে প্রথমবারের মতো বিশেষ গল্পে জুটি বেঁধে অভিনয় করেছেন গুণী অভিনেতা আফজাল হোসেন ও জাকিয়া বারী মম।
ইফফাত আরেফিন মাহমুদের গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্মটির প্রযোজনায় রয়েছে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমা। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৫ বছর পর এক রাতে হঠাৎ মুখোমুখি হওয়া দুই পরিচিত মানুষ।
গল্পে দেখা যাবে, একজন পরিচিত আর্কিটেক্ট টকশো শেষে রাতে বাসায় ফেরার পথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়াজের সঙ্গে আকস্মিকভাবে দেখা পান। দীর্ঘ দেড় দশক পর এমন অপ্রত্যাশিত সাক্ষাৎ থেকেই শুরু হয় নানা ঘটনা, যা গল্পে তৈরি করবে হাস্যরস ও আবেগের নানা মুহূর্ত।
আফজাল হোসেন ও জাকিয়া বারী মম ছাড়াও টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ফারজানা ছবি, রিয়া ও মোশাররফ করিম। অতিথি শিল্পী হিসেবে থাকছেন রোজি সিদ্দিকী।
সম্প্রতি টেলিফিল্মটির কাজের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন চয়নিকা চৌধুরী। সেখানে আফজাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই অভিনেতার কাছ থেকে মানুষকে সম্মান করা এবং কাজের প্রতি সততা ও ভালোবাসার শিক্ষা পেয়েছেন তিনি।
এ ছাড়া ব্যস্ততার মধ্যেও শুটিংয়ের জন্য সময় দেওয়ায় জাকিয়া বারী মম এবং সার্বিক সহযোগিতার জন্য প্রযোজক আসিফ ইকবাল ও গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্মাতা।
নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর আগেও তিনটি বিশেষ নাটক নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। ‘জোছনায় ফেরা’, ‘বিষণ্ন মেঘ’ ও ‘প্রথম দেখার পর’-এর পর এবার সেই আয়োজনের সঙ্গে যুক্ত হলো ‘সময় একটু থামো’।
আগামী ১৮ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে প্রচারিত হবে আফজাল হোসেন ও জাকিয়া বারী মম অভিনীত এই বিশেষ টেলিফিল্ম।