রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।
তিনি জানান, ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
রোববার রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি কোচে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানোর পর মাত্র কয়েক মিনিটের মধ্যে, ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ট্রেনটির একটি কোচ পুড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, আগুনে হাওর এক্সপ্রেসের একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়ার ধরন দেখে সেখানে পেট্রোল বা গান পাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
গঠিত তদন্ত কমিটি আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।