বিনোদন ডেস্ক:
তরুণ দর্শকদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে এবার যুক্ত হচ্ছে নতুন চমক। সিরিজটির ১৪তম চ্যাপ্টারে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, যিনি ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত, এবং সুনেহরা তাসনিমকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নতুন এই চ্যাপ্টার। গল্পের নতুন মোড়ে রাফসান ও সুনেহরার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাচক্রে দুই কনটেন্ট ক্রিয়েটরকে ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হতে দেখা যাবে। তবে তারা ঠিক কী চরিত্রে কিংবা কী ধরনের পরিস্থিতিতে গল্পের সঙ্গে যুক্ত হবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে এর আগেও বেশ কয়েকটি চমক দেখিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। কিছুদিন অসুস্থ থাকার কারণে কাজ থেকে বিরত থাকার পর ১৩তম চ্যাপ্টারের মাধ্যমে আবারও নির্মাণে ফেরেন তিনি।
সুস্থ হয়ে কাজে ফেরার পর এবার ১৪তম চ্যাপ্টারে দর্শকদের জন্য আরও বিনোদনের আয়োজন থাকছে বলে জানিয়েছেন অমি।
বঙ্গের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো প্রচারিত হচ্ছে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও।
জনপ্রিয় এই ধারাবাহিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।