দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। এবার দেশটিতে নিজের ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম স্থানে শুটিং করা তার প্রথম মিউজিক ভিডিও ‘শিকারি’ প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (২০ আগস্ট)। প্রকাশের পর ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে।
‘শিকারি’তে জায়েদ খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন সাজ ও উপস্থাপনায়। ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে তার উপস্থিতি নজর কাড়ে। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে একের পর এক দৃশ্যে হাজির হয়েছেন তিনি। ভিডিওতে দেশি-বিদেশি কয়েকজন মডেলও অংশ নিয়েছেন।
সমুদ্রসৈকত, জাহাজ এবং সমুদ্রঘেঁষা সড়কসহ বেশ কিছু আকর্ষণীয় জায়গায় ধারণ করা হয়েছে মিউজিক ভিডিওটির দৃশ্য। নাচ, অভিনয় ও সিনেমাটিক ভিজ্যুয়ালের সমন্বয়ে পুরো আয়োজনে রাখা হয়েছে চলচ্চিত্রের আবহ।
বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত ভিডিওটিতে জায়েদ খানের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।
প্রযোজনার কারিগরি দিকেও ছিল আন্তর্জাতিক টিমের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ান কাজ করেছেন ভিডিওটির নির্মাণে। স্টেডিক্যাম অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এনরিক ক্যামাচো।
মিউজিক ভিডিওটি নিয়ে জায়েদ খান বলেন, যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন লোকেশনে ‘শিকারি’র শুটিং করা হয়েছে। তার ভাষায়, এটি শুধু সাধারণ গানের ভিডিও নয়; সিনেমাটিক উপস্থাপনার মাধ্যমে দর্শকদের সামনে একটি আন্তর্জাতিক মানের কাজ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
‘শিকারি’তে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। বড় আয়োজন, ভিন্নধর্মী দৃশ্যায়ন, নতুন লুক এবং যুক্তরাষ্ট্রের মনোরম লোকেশনের কারণে ভিডিওটি দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।