‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসরের বিশেষ পর্বে অমিতাভ বচ্চনকে ঘিরে তৈরি হলো আবেগ আর হাসির দারুণ এক মুহূর্ত। অতিথি হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সংগীতশিল্পী সুনিধি চৌহান ও গীতিকার প্রসূন জোশী। সেখানেই বলিউডের মেগাস্টারকে নিয়ে নিজের পুরোনো অনুভূতির কথা প্রকাশ করেন সুনিধি।
সোনি লিভের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রমোতে দেখা যায়, অমিতাভ বচ্চনের সামনে দাঁড়িয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন সুনিধি। তিনি জানান, বিভিন্ন চরিত্রে অমিতাভকে দেখেই বড় হয়েছেন তিনি। তার কাছে অমিতাভের উপস্থিতি অনেকটা সান্তা ক্লজের মতো। এরপরই সুনিধি বলেন, অমিতাভ ছিলেন তার জীবনের প্রথম ক্রাশ।
গায়িকার এমন স্বীকারোক্তিতে পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে। অমিতাভও নিজের স্বভাবসুলভ রসবোধ দিয়ে জবাব দেন। তিনি বলেন, সুনিধির তার প্রতি ক্রাশের কথা এখন জানা গেল, অথচ তখন কেন বলা হয়নি! বিগ বির এমন তাৎক্ষণিক মন্তব্যে হাসিতে মেতে ওঠেন অনুষ্ঠানের দর্শকরা। অন্যদিকে লজ্জায় মুখ লাল হয়ে যায় সুনিধির।
এরপরই প্রমোতে দেখা যায়, অমিতাভ অভিনীত ‘ডন’ সিনেমার জনপ্রিয় গান ‘ইয়ে মেরা দিল’ পরিবেশন করছেন সুনিধি চৌহান। প্রিয় তারকার সামনে তারই অভিনীত সিনেমার গান গাওয়ার মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
অমিতাভ বচ্চন ও ‘কৌন বনেগা ক্রোড়পতি’ যেন দীর্ঘদিনের এক জুটি। বহু বছর ধরে অনুষ্ঠানটির সঞ্চালকের আসনে থেকে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। ব্যস্ততার মধ্যেও কাজের প্রতি তার নিষ্ঠার কথাও বিভিন্ন সময়ে উঠে এসেছে।
সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ জানান, কেবিসির শুটিংয়ের জন্য তাকে টানা ২৪ ঘণ্টা কাজ করতে হয়েছে। সকাল ৭টায় শুরু হওয়া কাজ পরদিন সকাল ৭টায় শেষ হয়। অনুষ্ঠানটির নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে এই দীর্ঘ শুটিং করতে হয়েছে বলে জানান তিনি।
ব্লগে বিশ্রামের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন অমিতাভ। তবে পরদিনও ভোরে শুটিংয়ের কলটাইম থাকায় দ্রুত প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি। তার ভাষ্য, কেবিসির নতুন মৌসুমের কাজের সময়সূচি ঠিক রাখা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসর সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সোনি লিভে সম্প্রচারিত হচ্ছে। বিশেষ এই পর্বে সুনিধি চৌহানের অমিতাভকে নিয়ে করা মন্তব্য এবং বিগ বির মজার প্রতিক্রিয়া ইতোমধ্যে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।