ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর বিশেষ কনসার্ট। কোরিয়ান সংস্কৃতি বিনিময় উৎসব উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গান পরিবেশন করবে ব্যান্ডটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় টিএসসিতে মঞ্চে উঠবে ‘আভাস’।
কনসার্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সংগীতপ্রেমীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন ব্যান্ডটির প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন। তিনি জানান, গান, আড্ডা ও উৎসবের আমেজে দর্শকদের সঙ্গে একটি আনন্দঘন সন্ধ্যা কাটানোর অপেক্ষায় রয়েছে ব্যান্ডটি।
এদিকে ‘আভাস’-এর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকেও টিএসসিতে তাদের পারফরম্যান্সের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশের তরুণ সংগীতপ্রেমীদের কাছে দীর্ঘদিন ধরে পরিচিত নাম ‘আভাস’। ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’, ‘ক্যামেরা’ ও ‘সত্তা’।
কোরিয়ান সাংস্কৃতিক উৎসবের আয়োজনের সঙ্গে জনপ্রিয় এই ব্যান্ডের পরিবেশনা যুক্ত হওয়ায় টিএসসি প্রাঙ্গণে আজ রাতের অনুষ্ঠান ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।