বিনোদন প্রতিবেদক: অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ভ্লগিংয়েও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন রুকাইয়া জাহান চমক। এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সাজ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তাঁর ভ্লগের একটি পর্বে খালেদা জিয়ার চরিত্র ও রাজনৈতিক জীবন তুলে ধরতে গিয়ে এমন রূপে ক্যামেরার সামনে হাজির হন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
ভিডিওটির কিছু অংশের দৃশ্য ধারণ করা হয়েছে ঢাকার জিয়া উদ্যানে। পাশাপাশি স্টুডিওতেও হয়েছে শুটিং। চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস। সাজসজ্জা ও উপস্থাপনায় খালেদা জিয়ার পরিচিত স্টাইল ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই চমকের সাজ, অভিনয় এবং উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন, তাঁকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। আবার কারও মতে, চরিত্রটির উপস্থাপন এতটাই সাবলীল ছিল যে ভিডিও দেখার সময় কয়েক মুহূর্তের জন্য বাস্তবের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে।
ভ্লগটির ক্যাপশনে চমক খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাঁর রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেছেন। একই সঙ্গে তাঁকে দেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ও আপসহীন নেতা হিসেবে উপস্থাপন করেছেন।
এর আগেও রাজনীতিকে ঘিরে আলোচনায় এসেছিলেন চমক। চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশায় বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। কয়েক বছর বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে নিয়মিত হন তিনি।
এরপর ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও নিয়মিত সময় দিচ্ছেন এই অভিনেত্রী।