২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়া বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য দেওয়া সময়সীমা আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে পরে আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের অধিভুক্ত অনুমোদিত ও স্বীকৃত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাদ পড়েছে, তাদের জন্য ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।
তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নেওয়া হবে না বলে স্পষ্ট করেছে বোর্ড। ফলে আজকের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাদপড়া শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্র বা টিসির মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনও আজকের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধিভুক্ত সব অনুমোদিত স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।