রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৬৪ জন, মতিঝিলে ৮৩ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ৯০ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৫ জন রয়েছেন।
অভিযান চলাকালে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯টি ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অভিযানে একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।