জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নিউইয়র্ক ছাড়েন প্রধানমন্ত্রী। সফরকালে ইউএনজিএর সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর নিউইয়র্কের চার দিনের কর্মসূচিতে মোট ৩০টি সরকারি অনুষ্ঠান ছিল। এর মধ্যে ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয় উঠে আসে।
মাহদী আমিন জানান, সফরকালে প্রধানমন্ত্রী ইউএনজিএকে কেন্দ্র করে আয়োজিত আটটি কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি সাধারণ পরিষদের সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেন। এর বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও নিউইয়র্ক সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। তিনি মোট আটটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন এবং এর মধ্যে চারটিতে বক্তব্য দেন।
ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়া কর্মসূচির মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।
সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরায় নিউইয়র্কে তাঁর বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় কূটনৈতিক কর্মসূচির সমাপ্তি ঘটল।