গ্রাহকের অর্থ আত্মসাৎসহ ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার এসব কর্মকর্তাকে গত ২২ সেপ্টেম্বর বরখাস্ত করা হয়।নাটোর সোনালী ব্যাংকের ডিজিএম আহসান রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্তকৃতদের মধ্যে লিটন কুমার ও বিপুল পাল নামে দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা জারি করা এই দুই কর্মকর্তা নাটোর থেকে বদলি হয়ে সর্বশেষ নওগাঁ জেলায় কর্মরত ছিলেন। এর মধ্যে লিটন কুমারের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৯২ লাখ ৭ হাজার টাকা আত্মসাৎ এবং বিপুল পালের বিরুদ্ধে প্রায় ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।নাটোরে কর্মরত থাকা অবস্থায় বঙ্গবন্ধু পরিষদের নেতা হিসেবে প্রভাব বিস্তার করে এসব অপকর্মে লিপ্ত হন তারা।বাকি ৩ কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামান নাটোরের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। এই ৩ জনের বিরুদ্ধে বিপুল অর্থের ভুয়া ঋণপত্র ও অতিরিক্ত আমানত সৃষ্টির অভিযোগও উঠে এসেছে বলে জানান নাটোর সোনালী ব্যাংকের ডিজিএম আহসান রেজা। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোন লিখিত তথ্য দেন নি।