পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বী পরিবারের কাছ থেকে সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয় দিয়ে চাঁদা দাবির মামলায় অভিযুক্ত দুই সাংবাদিককে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ?রবিবার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।?কারাগারে পাঠানো আসামিরা হলেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা (৩৫) এবং দৈনিক জাগো জনতার বাউফল উপজেলা প্রতিনিধি মো. রিয়াজ (৩৭)। আদালত ও মামলা সূত্রে জানা যায়, উচ্চ আদালত থেকে আসামিরা পূর্বে ৬ সপ্তাহের জামিন লাভ করেছিলেন এবং মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ ছিল। রবিবার আসামিরা মিসকেস (নং ১১৮৯/২৬) অনুযায়ী স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ জুলাই বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এক হিন্দু পরিবারে যান আসামিরা। তাঁরা নিজেদের সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়া হলে ভুক্তভোগী পরিবার স্থানীয়দের কাছ থেকে ধার করে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেয় এবং পরবর্তীতে আরও ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ?অভিযোগে আরও জানা গেছে, ওই পরিবারের এক সদস্য তিন বছর আগে এক মুসলিম নারীকে বিয়ে করেছিলেন এবং তিনি ধর্মান্তরিত হয়ে বর্তমানে দাম্পত্য জীবন যাপন করছেন। এই বিষয়টিকে কেন্দ্র করেই অভিযুক্তরা পরিবারটিকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেছিলেন।?পরবর্তীতে ২৮ জুলাই ভুক্তভোগী রতন মন্ডল বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে বাউফল থানা পুলিশ অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আদালতে ইতিমধ্যে চার্জশিটও দাখিল করেছে। ?আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী রতন মন্ডল বলেন- আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আজ ন্যায়বিচার পাবো বলে আশা করি।